স্পিকারের এই বক্তব্যটি তারেক রহমানকে উদ্দেশ্য করে নয়
বুম বাংলাদেশ দেখেছে, সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও অলিউল্লাহ ওলি লিখিত বক্তব্য পড়ে শোনানোয় স্পিকার আলোচ্য উক্তি করেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে লিখিত বক্তব্য পড়ে শোনালে স্পিকার তাঁর উদ্দেশ্যে বলেন, সংসদে দেখে দেখে পড়া এলাউড না। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ মার্চ 'Monzurul Hasan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "মাননীয় স্পিকার বলেন...। সংসদে দেখে দেখে পড়া এলাউড না।😬"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয় বরং সংসদ সদস্য মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করেন। মাসুদ বিন সাঈদী সংসদ অধিবেশনে লিখিত বক্তব্য পড়ে শোনালে স্পিকার তাঁর উদ্দেশ্যে একথা বলেন।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুক পেজে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে যুক্ত ভিডিওটিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য অলি উল্লাহ'র উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। ভবিষ্যতে সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। এটা সকলের মান্য করা উচিত। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে গত ১৫ মার্চ দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে "সংসদে দেখে দেখে পড়া এলাউড না: স্পিকার" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত (এলাউড) নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানান। রবিবার (১৫ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের বরগুনা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ কাগজ দেখে পুরো বক্তব্য দেন। পরে তাদের উদ্দেশ্য করে এ মন্তব্য করেন স্পিকার। মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউ না। আপনি নোট রাখবেন। একবার দেখে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার আরও বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউ না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সকলের মান্য করা উচিত।..."। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও জানা যায়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী লিখিত বক্তব্য সংসদে পড়ে শোনান। বক্তব্য শেষে স্পিকার তাঁর উদ্দেশ্যে বলেন, ‘বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।’
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয় বরং সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ওলিউল্লাহ ওলিকে উদ্দেশ্য করে "সংসদে দেখে দেখে পরা এলাউড নয়" উক্তিটি করেন।
সুতরাং তারেক রহমানের বক্তব্য দেওয়ার ভিডিও এবং অন্য সংসদ সদস্যের প্রতি জাতীয় সংসদের স্পিকারের বলা কথাকে এডিট করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।




