তাহেরীর সাথে সাকিবের ছবিটি এআই দ্বারা সম্পাদিত
বুম বাংলাদেশ দেখেছে, সাকিবের সাথে তাহেরীর ছবিটি এআই দিয়ে সম্পাদিত। মূল ছবিতে মুশফিকুর রহিমের স্থলে তাহেরীকে বসানো হয়েছে।

গত ২৪ মার্চ বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- একটি ছবিতে ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী এবং সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান একটি ড্রেসিংরুমের মতো পরিবেশে হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে সেলফি নিয়েছেন। ছবিটি সহ প্রকাশিত পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ মার্চ 'গিয়াস উদ্দিন তাহেরী' নামক পেজ থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে ছবিটি যুক্ত করে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সাকিব আল হাসানের সাথে গিয়াস উদ্দিন তাহেরীর এই ছবিটি বাস্তব নয় বরং এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সাহায্যে সম্পাদিত। মূল ছবিতে সাকিব আল হাসানের সাথে ক্রিকেটার মুশফিকুর রহিম ছিলেন, যেখানে মুশফিকের মুখমণ্ডলের জায়গায় গিয়াস উদ্দিন তাহেরীর মুখমণ্ডল সম্পাদনার মাধ্যমে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়েছে।
আলোচ্য ছবিটি রিভার্স সার্চ করে বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় কাছাকাছি দেখতে একটি ছবি পাওয়া যায়। ছবিতে মুশফিক এবং সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান সেই একই ড্রেসিংরুমের মতো পরিবেশে হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে সেলফি নিয়েছেন। উভয় ছবিতে পেছনের দৃশ্য ও সাকিব আল হাসানের ভঙ্গিমা একই দেখা গেছে।
পর্যবেক্ষণ করে দেখা যায় সাকিবের সাথে মুশফিকুর রহিমের ছবিটি আসল এবং এই ছবিতে মুশফিকুর রহিমের স্থলে গিয়াস উদ্দিন তাহেরীকে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখুন--
নিখুঁত, সীমাবদ্ধতা কম থাকা, সহজলভ্যতা ও ক্ষেত্রবিশেষ বিনামূল্যে হওয়ায় সাম্প্রতিক সময়ে এআই দ্বারা ছবি তৈরি কিংবা পূর্ববর্তী একটি ছবিতে সম্পাদনা করার ক্ষেত্রে গুগলের জেনারেটিভ টুল 'জেমিনি (Gemini)' ব্যবহারের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। জেমিনির ২.৫ ফ্ল্যাশ বা তার চেয়ে উন্নত মডেলে (ছবির ক্ষেত্রে ন্যানো ব্যানানা বলা হয়) আগের চেয়েও বেশি বাস্তবের ন্যায় যে কোনো ধরনের ছবি তৈরি করতে সক্ষম।
ন্যানো ব্যানানা (Nano Banana) হলো গুগল-এর Gemini 2.5 Flash Image মডেলটির কোডনেম বা অভ্যন্তরীণ ডাকনাম। এই মডেলটি মূলত একটি উন্নত এআই ইমেজ এডিটিং মডেল যা টেক্সট কমান্ড বা বর্ণনা ব্যবহার করে ছবি তৈরি এবং সম্পাদনা করতে পারে। সর্বশেষ হালনাগাদে জেমিনির মডেলগুলোকে আরো উন্নত করা হয়েছে। এদিকে, গুগলের জেনারেটিভ টুলগুলো তাদের ইমেজ কনটেন্ট সাধারণ ওয়াটারমার্কিংয়ের পাশাপাশি 'SynthID' নামক এক ধরনের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা খালি চোখে শনাক্ত করা যায় না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে।
পরবর্তীতে, ছবিটি জেমিনি টুল দিয়ে তৈরি কি না নিশ্চিত হতে গুগলেরই SynthID ডিটেকশন টুলে এটিকে যাচাই করা হয়েছে। এই শনাক্তকরণ টুলের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ছবিটি যাচাই করলে 'গুগলের এআই ইমেজ জেনারেটিভ মডেল ব্যবহার করা হয়েছে' বলে ফলাফল দিয়েছে এবং ছবিতে SynthID শনাক্ত করেছে। দেখুন--
এখানে নীল চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক পাওয়া গেছে (Detected)। এছাড়াও, ধূসর চিহ্নিত অংশের জায়গাতে টুলটি সরাসরি ওয়াটারমার্ক পায়নি তবে সম্ভাবনা রয়েছে (Unsure) এবং কমলা চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে ওয়াটারমার্ক পাওয়া যায়নি (Not detected)। তবে কোনো ছবির কোনো একটি অংশে এই লুকোনো ওয়াটারমার্ক পাওয়ার অর্থ হলো ছবিটি এআই দ্বারা তৈরি অথবা সম্পাদিত। যে যে অংশগুলোতে ধূসর ও কমলা দেখা যাচ্ছে সেই অংশগুলোর ওয়াটারমার্ক সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিংবা সম্পাদনার কারণে মুছে যেতে পারে ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে পেজটি সম্পর্কে অনুসন্ধানে দেখা যায় সেটি কিছুদিন আগে খোলা হয়েছে এবং তাহেরীর অফিশিয়াল ফেসবুক পেজ নয়। সার্চ করে তার ভেরিফাইড ফেসবুক পেজটিও পাওয়া যায়। তবে ভেরিফাইড পেজটিতে গত ২৪ মার্চ সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি।
অর্থাৎ সাকিব-তাহেরীর ছবিটি এআই সম্পাদিত।
সুতরাং সামাজিক মাধ্যমে ভুয়া পেজ থেকে সাকিব আল হাসানের সাথে গিয়াস উদ্দিন তাহেরীর এআই ছবি বাস্তব হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।




