সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টক শো'তে অংশগ্রহণের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দিল্লিতে একটি টক শো'তে শেখ হাসিনাকে অংশগ্রহণ করতে দেখা গেছে যেখানে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি সে মামলা মোকাবেলা করতে যাবো। তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেনো। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ আগস্ট 'Network 24H' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "শেখ হাসিনার প্রকাশ্য টকশো দিল্লিতে || ব্যারিস্টার রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? দেশে ফিরলে কি তাকে আইনের মুখোমুখি হতে হবে? রুমিন ফারহানার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে কেন তৈরি হয়েছে নতুন বিতর্ক—এসব বিষয় নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন।..."। ওই পোস্টটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। ওয়ারেন্ট ইস্যু করেছে। আমি সে মামলা মোকাবেলা করতে যাবো। তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেনো। ওদের বোধহয় ধারণা ছিলো যে মামলাটামলা দিলে আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি বলছি, না আমি দেশে যাবো এবং কোর্টে মামলা ফেস করবো।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি দিল্লিতে নয় বরং ঢাকায় ধারণ করা হয়। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে ধারণকৃত "LET'S TALK WITH SHEIKH HASINA" শিরোনামে প্রচারিত একটি অনুষ্ঠানের ভিডিও থেকে এই ভিডিওটি কেটে নেওয়া হয়েছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম মাছরাঙ্গা টেলিভিশনের ফেসবুক পেজে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "এক ঝাঁক তরুণদের সাথে প্রাণবন্ত আলাপচারিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
Watch Today (Thu-13-12-2018) 8.30PM @ Maasranga Television
"LET'S TALK WITH SHEIKH HASINA"- special program
Organized By "CRI"
"সি আর আই" আয়োজিত
বিশেষ অনুষ্ঠান "লেট'স টক উইথ শেখ হাসিনা"
দেখুন- বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে
মাছরাঙা টেলিভিশনে"। ওই পোস্টটির ১৭ সেকেন্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি সে মামলা মোকাবেলা করতে যাবো। তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেনো।"। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে উক্ত পোস্টের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে মাছরাঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর "LET'S TALK WITH SHEIKH HASINA' - PART 2" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ৩ মিনিট ২২ সেকেন্ডে ২০০৭ সালে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে একজন উপস্থিতির প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। ওয়ারেন্ট ইস্যু করেছে। আমি সে মামলা মোকাবেলা করতে যাবো। তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেনো। ওদের বোধহয় ধারণা ছিলো যে মামলাটামলা দিলে আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি বলছি, না আমি দেশে যাবো এবং কোর্টে মামলা ফেস করবো।" ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনে ২০১৮ সালের ২৪ নভেম্বর "তরুণদের চাওয়া পাওয়ার কথা শুনলেন প্রধানমন্ত্রী" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে তরুণদের বিভিন্ন উদ্যোগ, পরামর্শ ও চাওয়া-পাওয়ার কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে গ্রহণ করেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।
সিআরআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তরুণরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় অথবা তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কোন কোন সমস্যার সমাধান করবে’- এমন অনেক বিষয়ে আলোচনা হয় এবারের লেটস টক অনুষ্ঠানে।" ওই প্রতিবেদনটিতে আলোচ্য ভিডিওটির মত সেটআপে বসে একই পোশাকে কথা বলার একটি ছবি যুক্ত করা হয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে টক শো’তে অংশ গ্রহণের নয় বরং ঢাকায় ২০১৮ সালে একটি অনুষ্ঠানে ধারণ করা হয়। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শিরোনামের একটি অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ধারণকৃত ভিডিও থেকে একটি অংশ কেটে নিয়ে দিল্লিতে টক শো-তে অংশগ্রহণের বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং ঢাকায় ধারণকৃত শেখ হাসিনার টক শোতে অংশগ্রহণের ভিডিওকে দিল্লিতে সম্প্রতি তার টক শো-তে অংশ নেওয়ার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




