সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিক্ষোভকারীদের সাথে পুলিশের মুখোমুখির একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ফ্রান্সের চলমান আন্দোলনের দৃশ্য । এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২০ অক্টোবর ‘Tuku Laskar’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ফরাসি পুলিশের দৃঢ়তা ও ধৈর্যের প্রশংসা করতেই হয়। এশিয়ার কোনো দেশ হলে এতক্ষণে হয়তো ছাত্রদের ওপর গুলি চালানো হয়ে যেত। পুলিশকর্মীরা কতটা প্রশিক্ষিত, তা সত্যিই প্রশংসনীয়।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ফ্রান্সের চলমান আন্দোলনের নয়। বরং ভিডিওটি ২০২৫ সালের আগস্টে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Indonesia: Protests escalate after death of demonstrator” শিরোনামে ‘টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ২০২৫ সালের আগস্টে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি শহরে দেশটির সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে এক তরুণ মোটরচালক নিহত হন। এই মৃত্যুর জেরে দেশটিতে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। স্ক্রিনশট দেখুন--
রিভার্স ইমেজ সার্চ করে ‘bbcindonesia’ এর ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে এক তরুণ মোটরচালক নিহত হন। এই মৃত্যুর জেরে দেশটিতে আন্দোলন আরও তীব্র রূপ নেয়, যার ফলে বিক্ষুব্ধ জনতা পুলিশের সদর দপ্তরে চড়াও হয় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভাইরাল ভিডিওটি ফ্রান্সের চলমান আন্দোলনে বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের দৃশ্যের নয়। বরং এটি ২০২৫ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আন্দোলনের দৃশ্যের ভিডিও।
সুতরাং ইন্দোনেশিয়ার আন্দোলনের ভিডিও দিয়ে ফ্রান্সের চলমান আন্দোলনের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




