সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সিলেটে নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের সমর্থকদের আন্দোলন চলাকালে ভিডিওটি ধারণ করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩১ জানুয়ারি 'মুজিব আদর্শের সৈনিক' নামে একটি ফেসবুকে পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল... এবারের নির্বাচনকে মানি না মানবো না বলে শত শত বিজিবি সেনাবাহিনীর সামনেই স্লোগান... আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচন হচ্ছে.. মনে রেখো ৯৬ এর পুনরাবৃত্তি হবে।। ইনশাআল্লাহ #somoytv #AwamiLeague #Bangladesh #followers #ChhatraLeagueLeader"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি আওয়ামী লীগের সমর্থকদের নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনের নয়। হবিগঞ্জ জেলার একটি ভোটকেন্দ্রে বিজিবি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বপালন নিয়ে একটি মহড়া চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির উপরে 'Channel 5' লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে Channel 5 নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত দৃশ্যসহ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "হবিগঞ্জে ভোটকেন্দ্রে হামলা, নিয়ন্ত্রণ করলো বিজিবি"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে 'হবিগঞ্জ জেলা' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির দৃশ্যসহ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "হবিগঞ্জে বিজিবির নির্বাচনী মহড়া"। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম এটিএন বাংলা নিউজের ফেসবুক পেজে পোস্ট করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "নির্বাচনী নিরাপত্তায় হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন | Habiganj | BGB | Election 2026"। ভিডিওটিতে আনসার এবং বিজিবির সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের সময়ে ভোটকেন্দ্রের অবস্থা কেমন হবে তা নিয়ে একটি মহড়ার আয়োজন চলতে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি আওয়ামী লীগের সমর্থকদের আন্দোলনের নয় বরং হবিগঞ্জ জেলার একটি ভোটকেন্দ্রে বিজিবি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বপালন নিয়ে একটি মহড়া চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছে।
সুতরাং নির্বাচনী মহড়ার ভিডিওকে আওয়ামী লীগ সমর্থকদের আন্দোলনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




