সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে; এতে দেখা যাচ্ছে একটি টিনশেড ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুনের শিখা অনেক উপরে উঠে গেছে। ভিডিওর পোস্ট করে দাবি করা হয়েছে- দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় কুমিল্লায় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ধরনের পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৩ ফেব্রুয়ারি '24 television' নামক পেজ থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অ/গ্নি/সংযোগের ঘটনা ঘটছে || কুমিল্লা-উনঝুটি...' (বানান অপরিবর্তিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত গত জানুয়ারিতে কুমিল্লার দেবিদ্বারের ঊনঝুটি গ্রামে রান্নাঘর থেকে সূত্রপাত হওয়া একটি সাধারণ অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। এই ঘটনার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।
ভিডিও থেকে কি-ফ্রেম (স্থিরচিত্র) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম ফেসবুকে গত ১৫ জানুয়ারি ‘Soheli Seli’ নামক একটি প্রোফাইল থেকে প্রকাশিত হুবহু ভিডিওটি সহ একটি পোস্ট (রিলস) পাওয়া যায়। পোস্টটির ভিডিও ভিও (বামে) ও রিলস ভিউ (ডানে) পাশাপাশি কোলাজ দেখুন —
আলোচ্য প্রচারিত ফেসবুক দাবির পোস্টটির স্ক্রিনশটের (বামে) সাথে গত জানুয়ারিতে পোস্টকৃত ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন --
পরবর্তীতে একই ফেসবুক প্রোফাইল থেকে পরেরদিন প্রকাশিত আরো একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে একই ঘটনার ভিন্ন একটি ভিডিও (ঘরের ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্য) যুক্ত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, 'ভাই যারা যারা জিজ্ঞাসা করেছিলেন যে আগুন কোথায় লাগছে। লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গুনাই ঘর ইউনিয়ন ঊনঝুটি গ্রাম। আগুনের সূত্রপাত শুরু হয়েছিল রান্নাঘর থেকে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমান অবস্থা হচ্ছে এই তিনটি ঘর একবারে পুড়ে গিয়েছে'। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ কুমিল্লায় রান্নাঘর থেকে লাগা আগুনের পুরোনো ভিডিওকে রাজনৈতিক রূপ দিয়ে প্রচার করা হচ্ছে।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো অগ্নি দুর্ঘটনার ভিডিও ব্যবহার করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে, তা বিভ্রান্তিকর।




